শেরপুর থেকে খালি চোখে দেখা মিলছে ভারতের তুরা পাহাড়

শেরপুর থেকে খালি চোখে দেখা মিলছে ভারতের তুরা পাহাড়

শেরপুর থেকে খালি চোখে দেখা মিলছে ভারতের তুরা পাহাড়

মনিরুজ্জামান মনির, শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

টানা বর্ষণে ধুলাবালি ধুয়ে গিয়ে আকাশ এখন অনেকটাই স্বচ্ছ। আর সেই স্বচ্ছ আকাশেই শেরপুর সীমান্ত থেকে খালি চোখে স্পষ্ট দেখা মিলছে ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড়। দূরের নীলাভ পাহাড়, ভেসে বেড়ানো সাদা মেঘ আর সবুজ প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে প্রতিদিনই সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে এক মনোমুগ্ধকর দৃশ্য। এ দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা।

মেঘালয় রাজ্যের প্রায় ৪২ কিলোমিটারজুড়ে বিস্তৃত গারো পাহাড়ের মূল অংশ ভারতের মেঘালয় রাজ্যে হলেও এর একটি অংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় বিস্তৃত। গারো হিলস অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাহাড় তুরা পাহাড়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত।

শেরপুর সীমান্ত থেকে মেঘালয়ের তুরা শহরের দূরত্ব মাত্র প্রায় ৫৫ কিলোমিটার। বর্ষার পড়ন্ত বিকেলে আকাশ পরিষ্কার থাকলে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কের বিভিন্ন স্থান থেকে তুরা পাহাড়ের নীলাভ অবয়ব স্পষ্ট দেখা যায়। শুধু তাই নয়, সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত শেরপুর জেলা শহরের ছয় থেকে সাততলা উঁচু ভবনের ছাদ থেকেও অনুকূল আবহাওয়ায় তুরা পাহাড় সহজেই চোখে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, বর্ষাকালে বৃষ্টির পর বাতাসে ধুলাবালির পরিমাণ কমে যাওয়ায় দৃশ্যমানতা বেড়ে যায়। ফলে বছরের অন্য সময়ের তুলনায় এ মৌসুমেই তুরা পাহাড় সবচেয়ে পরিষ্কার দেখা যায়। বিকেলের শেষ আলোয় পাহাড়ের গায়ে সূর্যের সোনালি আভা পড়লে সৃষ্টি হয় এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যা মুহূর্তেই মুগ্ধ করে দর্শনার্থীদের।

প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শেরপুর সীমান্তের এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন দূরের তুরা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয়দের দাবি, যথাযথ প্রচার ও পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে শেরপুর সীমান্তের এই প্রাকৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।