সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় আজিজুল হক (৪০) নামের এক অটোভ্যানের চালক নিহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক নরিনা ইউনিয়নের নবদীঘি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নরিনা বাজার থেকে সিমেন্ট কিনে ভ্যানে করে নিজ গ্রাম নবদীঘিতে ফিরছিলেন আজিজুল হক। পথে নাববিলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক আজিজুল হক নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীকালে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

Source: Daily Bangladesh