জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে শোবিজ অঙ্গনে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্ক করে রাখা তার গাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় আসিফ আকবর সুস্থ আছেন।
ঘটনার সময় নিজের অফিসে অবস্থান করছিলেন এই সংগীতশিল্পী। অফিস থেকে বের হওয়ার প্রস্তুতি নিলেও ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা দেরি হয় তার। এর মধ্যেই তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
গণমাধ্যমকে আসিফ আকবর বলেন, বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় গিয়ে কথা বলেছেন। তারা ঘটনাটি তদন্ত করছেন।
কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান আসিফ। তিনি বলেন, কাউকে সন্দেহ করতে পারছেন না। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা তার অফিসে যাওয়া ও বের হওয়ার সময় সম্পর্কে ভালোভাবেই জানে বলে মনে করছেন তিনি।
নিজের দৈনন্দিন রুটিন সম্পর্কে আসিফ জানান, সাধারণত রাত ৮টা বা সাড়ে ৮টার দিকে অফিসে যান তিনি। ফজরের নামাজের আগে কিংবা পরে বাসায় ফেরেন। তার ধারণা, দুর্বৃত্তরা এই সময়কেই লক্ষ্য করেছিল। তবে ছেলের সঙ্গে কথা বলার কারণে অফিসে কিছুক্ষণ বেশি থাকায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে রাখা ছিল আসিফের গাড়ি। ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ।
এদিকে, আসিফ আকবরের গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় শোবিজ অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
Source: Daily Bangladesh





