পঞ্চমবারের মতো শাহজালাল (রহ.)মাজারের দানবাক্স খোলা হচ্ছে আজ

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগসহ জেলা প্রশাসন কর্তৃক স্থাপিত দানবাক্সগুলো পঞ্চমবারের মতো আজ শনিবার (২৪ অক্টোবর) খোলা হচ্ছে। সকাল ৯টা থেকে দানবাক্সগুলো খোলার প্রক্রিয়া শুরু হবে এবং সাড়ে ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে চলবে টাকা গণনার কাজ।

প্রায় ১ মাস ৫ দিন (৩৫ দিন) পর আবারও দানবাক্সগুলো খোলা হচ্ছে। টাকা গণনাকালে সিলেটের জেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো দানবাক্স ও ডেগগুলো খোলা হয়েছিল।

উল্লেখ্য, বহু বছরের ঐতিহ্যগত প্রথা ভেঙে গত ২২ জুন হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা শুরু হয়। তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিশেষ উদ্যোগে দানবাক্স স্থাপনের মাত্র চার দিনের মাথায় প্রথম গণনায় পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

এর ১৭ দিন পর, ১১ জুলাই দ্বিতীয়বার দানবাক্স খোলা হলে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা, সোনা ও রুপার অলংকার পাওয়া যায়। এরপর ১৫ আগস্ট তৃতীয়বারের গণনায় নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকাসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও সোনা-রুপা উদ্ধার করা হয়।

দানবাক্স খোলার এ ধারাবাহিকতা প্রসঙ্গে মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানান, মাজারের তহবিলে জমা হওয়া যাবতীয় অর্থ ও সামগ্রী প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদে রাখা হচ্ছে এবং এর সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

Source: Daily Bangladesh