মেহেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাই-বোন আহত

মেহেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাই-বোন আহত

মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাসেল (২৫) ও রিয়া (২০) নামে ভাই-বোন আহত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালদহ গ্রামের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা একই গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে ও মেয়ে।

আহত রাসেল জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এর জেরে মন্টুর ছেলে রাকিবুল (৩৫), হাসানের ছেলে মানিক (২৫), জাবুরের ছেলে হাসিব (২০) ও বিল্লালের ছেলে বিজয় (২৫) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার বিষয়ে জানতে হামলাকারীদের বক্তব্য জানার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরি খাতুন জানান, রাসেলের মাথায় গুরুতর আঘাত লাগায় ছয়টি সেলাই দিতে হয়েছে। তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।