ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই গণসংযোগ, মতবিনিময় সভা ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন তারা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেন।
সভায় জাকির হোসেন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নয়নে কাজ করছেন তিনি। স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহ তাকে এ সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। এসব ত্যাগ, শ্রম ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে বিএনপি তাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী।
নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এলাকায় শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, সে জন্য তাঁদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তিনি। স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভেদুরিয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য।
সভা শেষে জাকির হোসেন স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রকাশিত খবরে জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০২৭ সালের জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে ভেদুরিয়া ইউনিয়নের নির্বাচনী কার্যক্রমের বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিক তফসিল ও কমিশনের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানা যাবে।
Source: Daily Bangladesh





